রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের উপর র‍্যাবের হামলা

রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব। এই সময়ে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে পুলিশ ও র‍্যাব তাঁদের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা মহানগর সংসদের সভাপতি দীপক শীল, সাধারণ সম্পাদক অনিক রায়, সহ বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি দীপক শীলের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা। ছবি: বাকি বিল্লাহ


শাহবাগে আজ বিকালে  ক্রসফায়ার ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানববন্ধন ছিল। মানববন্ধন শেষে সেখানে গণজাগরণ মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ইমরান এইচ সরকার আসেন। তিনি পৌঁছানোর সাথে সাথেই  তাঁকে বহনকারী গাড়ি ঘিরে ধরে র‍্যাব। এসময় তাঁকে গ্রেফতার করে র‍্যাবের গাড়িতে উঠানো হয়। ছাত্র ইউনিয়ন এর নেতাকর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গেলে র‍্যাব ও পুলিশ সদস্যরা তাঁদের বেধড়ক লাঠিপেটা করে।
দীপক শীল ও লিটন নন্দীকে লাঠিপেটা করছে র‍্যাব । ছবি : বাকি বিল্লাহ


এই হামলার প্রতিবাদে আজ সন্ধ্যার পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের নগরীতে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।

Comments